ঢাকা: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে রহিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি এ ঘটনাকে বিচার বিভাগের জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি দেশের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।
শিশির মনির জানান, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশনা দিয়েছিল। পরবর্তীতে নভেম্বরে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয় এবং ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রমও শুরু হয়।
তবে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সেই অধ্যাদেশ রহিত করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে যে সচিবালয় যাত্রা শুরু করেছিল, তা বাতিল করা বিচার বিভাগের ইতিহাসে একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে এমন ব্যাখ্যারও সমালোচনা করেন তিনি। তার মতে, কোনো রায়ের ওপর স্থগিতাদেশ না থাকলে তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ বাধ্য।
তিনি আরও বলেন, রায়ের কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা সংবিধানের পরিপন্থী। সংসদে এ ধরনের আইন পাস করা বিচার বিভাগের ওপর পুনরাবৃত্ত আঘাতের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিশির মনির জানান, এই আইনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।