Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলা
ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১২:৪৩

সানুল হক ইনু।

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।

রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চে এ কার্যক্রম শুরু হয়। বেঞ্চের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিনও আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ শুভ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তারা প্রসিকিউশনের আনা অভিযোগ খণ্ডনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। পাশাপাশি তাদের দাবি সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে হাসানুল হক ইনু ছিলেন না।

বিজ্ঞাপন

এর আগে, গত ৬ এপ্রিল দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষে আদালতে ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় টেলিভিশন মিরর নাউ এ দেওয়া ইনুর একটি সাক্ষাৎকার প্রদর্শন করেন তার আইনজীবী। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি হিসেবে কোনো বক্তব্য দেননি এবং শিক্ষার্থীদের ওপর হামলার পক্ষে কোনো মন্তব্যও করেননি বলে দাবি করা হয়।

পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন যুক্তিতর্কের জন্য নির্ধারণ করে। এর আগে, গত ২ এপ্রিল মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করেন ইনু। তবে আদালত তা খারিজ করে দেন। এরপরই তার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ না পাওয়ার অভিযোগও তোলেন তার আইনজীবীরা।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর