ঢাকা: বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানান।
এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
এর আগে, গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে।
পরদিন দেলোয়ার হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তীতে ৩১ মার্চ ছয় দিন, ৬ এপ্রিল তিন দিন এবং ৯ এপ্রিল মকবুল হত্যা মামলায় আরও তিন দিনের রিমান্ড দেওয়া হয়। সর্বশেষ গতকাল এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচির আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।