Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পতেই স্নায়ু অবশ করে মাদক এমডিএমবি, ই-সিগারটের আড়ালে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩১

মাদকদ্রব্য অধিদফতরের সদর দফতরে সংবাদ সম্মেলন।

ঢাকা: দেশে প্রথমবারের মতো জব্দ হওয়া নতুন প্রকারের ভয়ঙ্কর মাদক এমডিএমবি সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই তরল মাদককে মহাপরিচালক মো. হাসান মারুফ তুলনা করেছেন ‘শয়তানের নিঃশ্বাস’–এর সঙ্গে। তার ভাষায়, অল্পতেই স্নায়ু অবশ করে ফেলে এবং ভেতর থেকেই মানুষকে ধ্বংস করে দেয় এই মাদক।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মহাপরিচালক মো. হাসান মারুফ।

এমডিএমবি মাদক।

এমডিএমবি মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই মাদক দেখতে পানি ও মদের মত। এটির কোনো ঘ্রাণ বা গন্ধ নাই। এর এক ফোটাতেই নেশা তৈরি হয়। অল্পতেই অবশ করে ফেলে স্নায়ু। এটা মানুষের জন্য প্রচুর ক্ষতিকর, এটা ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়। এটা গাঁজার চেয়েও মারাত্মক ক্ষতিকর।’

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), মেহেদী হাসান রাকিব (২৬), বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এবং মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত মো. মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭), সম্প্রতি ভারতে পড়াশোনা করে বাংলাদেশে ব্যবসা শুরু করা মো. আশরাফুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সমর তাদের থেকে ৩৪০ মিলি এমডিএমবি, সিবিডি ইনফিউসড গাঁজায় চকলেট, এমডিএমবি গ্রহণে ব্যবহৃত ভ্যাপ ডিভাইস, এমডিএমবি ব্যবহারের ই-লিকুইড, এমডিএমবি বিক্রির জন্য প্রস্তুত খালি ক্যানিস্টার।’

তিনি বলেন, ‘ই-সিগারটে নিকোটিন জাতীয় পদার্থ ব্যবহার করা হতো, যাতে আইনানুগ কোনো বাধা নেই। কিন্তু সম্প্রতি ই-সিগারট এবং ভেপরাইজের কার্টিজেস এর ভিতরে New Psychoactive substance (NPS), Opiods, সহ বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্টেন্স যেমন, এমডিএমবি এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়।’

তিনি আরও বলেন, ‘ডিএনসি গোয়েন্দারা অফলাইন ও অনলাইন আর্কেডংগ্রেস, সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবে নজরদারি শুরু করে। এরপর ভ্যাপ এর মাধ্যমে গোপনে ছড়িয়ে পড়া এক নতুন ধরনের সিনথেটিক মাদক এমডিএমবি এর সন্ধান পাওয়া যায় এবং খুচরা বিক্রেতা হিসেবে তামিমকে চিহ্নিত করা হয় এবং তার কাছ থেকে স্যাম্পল অর্ডার করা হয়। অর্ডারকৃত মাদক ডেলিভারির আমাদের একটি দল গত ১০ ডিসেম্বর মিরপুর পল্লবীতে ২০ মিলি এমডিএমবিসহ প্রথম সরবরাহকারী তামিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যে অন্যান্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিবের জবানবন্দি ও ডিভাইস বিশ্লেষণে উদ্ঘাটিত হয় দেশের অভ্যন্তরে থাকা একটি এমডিএমবি-সাপ্লাই নেটওয়ার্ক। সেই সঙ্গে শনাক্ত করা হয় দেশে এমডিএমবি আনার মূলহোতা আশরাফ ও সাহস।’

হাসান মারুফ বলেন, ‘মিরপুর সেনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা আশরাফকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত সমাজের এলিট শ্রেণির মাঝে সে এই মাদক সরবরাহ করত। সে মূলত ই-সিগারটের ব্যবহারকারীদের টার্গেট করে তার সহযোগী সাহসের সমন্বয়ে এমডিএমবি মাদকের একটি মার্কেট তৈরির প্রচেষ্টা করছিল। মালয়শিয়ায় যাতায়াত করায় সেখান থেকে সে এই এমডিএমবি মাদক সংগ্রহ করে দেশে সরবরাহ করত। চক্রটি অত্যন্ত চতুরতার সঙ্গে হোয়াটসঅ্যাপে ও ফেসবুককে পুরোপুরি ‘অদৃশ্য বাজার’ হিসেবে ব্যবহার করত।’

তিনি বলেন, ‘গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এর সঙ্গে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যাক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে নিয়মিত মামলা করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর