ঢাকা: দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নতুন মাইলফলক স্পর্শ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালটগুলো এখন ডাক বিভাগের মাধ্যমে জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছাতে শুরু করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ হাজার ৮৫৯টি পোস্টাল ব্যালট দেশের বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ভোটের পরিসংখ্যান: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থার ব্যাপক সাড়া পাওয়া গেছে।
নিবন্ধিত প্রবাসী ভোটার: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন।
ব্যালট গ্রহণ করেছেন: ৫ লাখ ২২ হাজার ২৭০ জন।
ভোট সম্পন্ন করেছেন: ৪ লাখ ৬৪ হাজার ১৬৪ জন।
বিদেশের ডাকে জমা: ৪ লাখ ১৮ হাজার ৮৯৫টি ব্যালট এরইমধ্যে সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে জমা পড়েছে।
ব্যালট সংগ্রহ ও সংরক্ষণ: এরইমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট পেপার বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন এসব ব্যালট জেলা অনুযায়ী ভাগ করে কড়া নিরাপত্তায় ডাক বিভাগের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। রিটার্নিং অফিসাররা এসব ব্যালট পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় আসন অনুযায়ী পৃথক ব্যালট বাক্সে সংরক্ষণ করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে, শুধুমাত্র সেই ব্যালটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর পৌঁছানো ব্যালটগুলো আর গ্রহণ করা হবে না।