ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ শঙ্কার কথা জানিয়েছেন।
ইসি জানিয়েছে, প্রবাসীদের পাঠানো ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছাতে হবে। অন্যথায় ডাক বিভাগ হয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দফতরে পৌঁছাতে বিলম্ব হতে পারে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে ব্যালট না পৌঁছালে তা চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
বিজ্ঞপ্তিতে ভোটারদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে-
- ভোটাধিকার প্রয়োগের পর মূল ব্যালট ও গণভোটের ব্যালটটি সাদা রঙের খামে ভরতে হবে;
- এরপর ঘোষণাপত্রটি সই করে সাদা খামসহ সেটি হলুদ খামের ভেতরে ঢোকাতে হবে;
- সবশেষ খামটি যত দ্রুত সম্ভব নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।
এবারই প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে তিন শ্রেণির (সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কারাবন্দি) ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যাপক সুযোগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার প্রবাসী ইতিমধ্যে ভোট দিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, ১৮টি জেলায় ইতিমধ্যে ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট পৌঁছে গেছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সময়স্বল্পতার কারণে প্রবাসীদের ভোট গণনা নিশ্চিত করতে দ্রুত ডাক পাঠানোর তাগিদ দিয়েছে কমিশন।