ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগে তাদের ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়ার কথা থাকলেও, এখন কেবল পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে সহায়তার জন্য তাদের নিয়োজিত করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক সংশোধিত চিঠিতে এই নির্দেশনার বিষয়ে জানানো হয়।
সংশোধিত ওই নির্দেশনায় যা রয়েছে
দায়িত্বের ক্ষেত্র: ক্যাডেটরা এখন আর সরাসরি ভোটকেন্দ্রে থাকবেন না। তারা কেবল রিটার্নিং অফিসারের কার্যালয়ে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (OCV এবং ICPV) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
মোতায়েন সংখ্যা: প্রতি ৩টি নির্বাচনি এলাকার জন্য ১টি সেকশন (১১ জন) হিসেবে ৩০০ আসনের জন্য ১২৩ সেকশন বিএনসিসি সদস্য মোতায়েন করা হবে।
ফলাফল সংগ্রহ কেন্দ্র: ভোটগ্রহণের আগের দিন থেকে ইসি সচিবালয়ে স্থাপিত বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ৫টি সেকশন দায়িত্ব পালন করবে।
নিরপেক্ষতা যাচাই: দায়িত্ব দেওয়ার আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি-না, তা কঠোরভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
যে কারণে এই পরিবর্তন
এর আগে গত ২৮ জানুয়ারি ইসি জানিয়েছিল, ক্যাডেটরা কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধ রাখা ও বৃদ্ধ-অসুস্থদের সহায়তা করবেন। তবে ১ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি জানান, তরুণ ছাত্রদের এই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করলে প্রতিষ্ঠানটি বিতর্কিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর এমন আপত্তির মুখেই ইসি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে এই মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করবেন এবং ক্যাডেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন।