ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ মিলিয়ন) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। এই অর্থ মূলত নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ. ই. অজিত সিং এ তথ্য জানান। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন।
চুক্তি সই শেষে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, ‘আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। কানাডা বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার ও বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।’
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার কানাডা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশনের কারিগরি সহায়তায় জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় তিনি কানাডার করদাতাদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও জানান, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী (UN Women), ইউএনওডিসি (UNODC) এবং ইউএনডিপি, এই চারটি সংস্থা ইসি’র অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নজরদারির মধ্যে কানাডার এই সহায়তা নির্বাচনের কারিগরি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসি।
ইসির কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা
স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
সারাবাংলা/এনএল/এসএস