ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য বিশেষ যানবাহন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা দেয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারের প্রধান শর্তগুলো হলো-
হালকা ও ছোট যানবাহন ব্যবহারের নিয়ম
গাড়ির সংখ্যা: প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে ১টি করে জিপ, কার, মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশার মতো ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন।
আরোহী সংখ্যা: চালকসহ (বৈধ লাইসেন্সধারী) একটি গাড়িতে সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন।
গানম্যান: প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান নিয়োজিত থাকলে তিনিও ওই ৫ জন আরোহীর অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন।
মোটরসাইকেল ও নৌযান ব্যবহারের নিয়ম
মোটরসাইকেল: যেসব দুর্গম এলাকায় ছোট গাড়ি চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ২টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতি মোটরসাইকেলে চালকসহ অনধিক ২ জন আরোহী থাকতে পারবেন।
নৌযান: নদীবেষ্টিত এলাকায় যাতায়াতের জন্য প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে ১টি করে নৌযান ব্যবহার করতে পারবেন, যেখানে চালকসহ সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন।
বাধ্যতামূলক অনুমতি ও পরিচয়পত্র
যানবাহন ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে আরোহীদের (প্রার্থী/এজেন্ট/গানম্যান ব্যতীত) জন্য পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এছাড়া রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত অনুমোদিত স্টিকার যানবাহনের সামনের কাঁচে দৃশ্যমানভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক।
প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।