ঢাকা: ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের কাছ ৪ লাখ ৬০ হাজার ৪৮০টি ব্যালট দেশে এসে পৌঁছেছে। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও ডাকযোগে ভোটদানের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রবাসীদের জন্য বরাদ্দকৃত ব্যালট পেপার এরই মধ্যে গন্তব্যের দেশগুলোতে পৌঁছে গেছে। এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৮২৪ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ভোটদানের প্রক্রিয়ায় দেখা গেছে, ৫ লাখ ৭ হাজার ৭৫ জন প্রবাসী এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬৮২ জন ভোটার তাদের ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৬০ হাজার ৪৮০টি ব্যালট বাংলাদেশে ফিরে এসেছে এবং রিটার্নিং কর্মকর্তারা ৩ লাখ ৫৫ হাজার ৪৩১টি ব্যালট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।
একই অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে দায়িত্বরত এবং বিশেষ প্রয়োজনে ডাকযোগে ভোট প্রদানকারী ভোটারদের (ICPV) পরিসংখ্যানও বেশ আশাব্যঞ্জক। বিডি পোস্টের (BD Post) মাধ্যমে এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ৫ লাখ ২৮ হাজার ১৫৬ জন অভ্যন্তরীণ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৭৩ হাজার ১৪৪ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন ভোটার ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের দফতরে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৮৫০টি অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট জমা হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজিটাল অ্যাপ ও ডাক ব্যবস্থার সমন্বয় প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকারের দাবি পূরণ করেছে। দ্রুততম সময়ে ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানোর জন্য ডাক বিভাগের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে।