ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেল পরিচালনার সহায়তায় বিভিন্ন বাহিনী ও বিভাগ থেকে আরও ১০ জন চৌকস কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোট চলাকালীন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য (Misinformation) রোধে এই সেলটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে কাজ করবে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সেখানে কর্মরত থাকলেও, কাজের পরিধি ব্যাপক ও পরিশ্রমসাধ্য হওয়ায় জনবল বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
যেসব বিভাগ থেকে কর্মকর্তা নেওয়া হচ্ছে: কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত যোগ্য কর্মকর্তা মনোনীত করতে অনুরোধ করেছে ইসি। তালিকায় রয়েছেন-
- আইসিটি বিভাগ: একজন উপ-সচিব,
- পুলিশ: চারজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা,
- বিজিবি, কোস্টগার্ড ও র্যাব: প্রতি বাহিনী থেকে একজন করে ‘মেজর’ পদমর্যাদার কর্মকর্তা,
- আনসার ও ভিডিপি: দুইজন কর্মকর্তা।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, এই ১০ কর্মকর্তা যুক্ত হওয়ার ফলে নির্বাচনের সময় গুজব ছড়ানো রোধ এবং মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত তদারকি করা সম্ভব হবে।