Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে জরুরি চিকিৎসা সেবায় থাকছে রেড ক্রিসেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতায় আহত বা অসুস্থ ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠাতে কাজ করবে সংস্থাটির বিশেষ দল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইতিমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা দলগুলো মাঠ পর্যায়ে নিয়োজিত থেকে আহতদের তাৎক্ষণিক সেবা দিবেন এবং প্রয়োজনে তাদের নিরাপদভাবে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দলগুলোকে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর