ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল নজরদারি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে এবং দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পেতে ‘নির্বাচন সুরক্ষা’ নামক একটি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এরই মধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এই অ্যাপ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
জানা গেছে, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা এই অ্যাপের ব্যবহারকারী (এন্ড ইউজার) হিসেবে যুক্ত থাকবেন। ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসার অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন। রিপোর্ট করার সাথে সাথেই সংশ্লিষ্ট এলাকার রেসপন্ডার বা দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মোবাইল ফোনে এসএমএস এবং অ্যাপ নোটিফিকেশন চলে যাবে। ফলে তারা দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে পারবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এরই মধ্যে এই অ্যাপ ব্যবহারের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারদের এই অ্যাপে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন মনে করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে ভোটকেন্দ্রে জালিয়াতি বা সহিংসতা রোধ করা অনেক সহজ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।