Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নতুন সরকারের মন্ত্রিসভাও শপথ নিতে পারে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে টানা দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠানের তথ্য জানান। তিনি বলেন, ‘আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

কানিজ মওলা বলেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়।’

জানা গেছে, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে। আর মন্ত্রীরা শপথ নেবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন এরই মধ্যে ২৯৭ জন নির্বাচিত সদস্যের গেজেট প্রকাশ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর নতুন মন্ত্রিসভার দিকে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সংসদ সদস্যরা প্রথমে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে চিঠি দেবেন। রাষ্ট্রপতি তখন তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পরদিন গতকাল ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে শপথ নেবেন। এ ছাড়া, অন্যান্য দল পেয়েছে ২০টি আসন।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

বসন্ত এসে গেছে [ছবি]
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬

আরো

সম্পর্কিত খবর