ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান।
তিনি লেখেন, বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। পাশাপাশি বিপুল জয়ের জন্য তারেক রহমান, তার দল ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, সেটিই তাদের কামনা।
বিএনপির পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দুই বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবেএমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।