ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলোবাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্ট। এসব বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টের অবস্থান ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে।
বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টগুলোর কিছু এরই মধ্যে খালি হয়েছে। অন্যগুলোয় এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্টগুলো সংস্কার করে পুরোপুরি প্রস্তুত করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে। এর পরই সেগুলোয় উঠতে পারবেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একইসঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা।
দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে, নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরও এক বা দু’জন যোগ হতে পারেন।
গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদফতরের কর্মকর্তারা বলছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে মন্ত্রিপাড়ার বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলোবাড়ি–অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন। কেউ কেউ কয়েক দিনের মধ্যে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ডিসেম্বরে পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজেদের বাংলোবাড়ি ছেড়ে দিয়েছেন।
সরকারি আবাসন পরিদফতরের কর্মকর্তারা বলছেন, যেসব উপদেষ্টা এখন বাংলোবাড়িতে থাকছেন, তারা শিগগির ছেড়ে দেবেন। সবমিলিয়ে ২৪টি বাংলোবাড়ি খালি হবে।
অন্যদিকে বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-৩–এ এখন পাঁচটি অ্যাপার্টমেন্ট খালি আছে। এ তথ্য জানিয়ে সরকারি আবাসন পরিদফতরের কর্মকর্তারা বলেন, আরও সাতটি অ্যাপার্টমেন্ট কয়েকদিনের মধ্যে খালি হয়ে যাবে।
২৯ নম্বর মিন্টো রোডে অবস্থিত বাংলোবাড়িটি বিরোধীদলীয় নেতার জন্য সংস্কার করা হচ্ছে বলে জানান সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেন, চাইলে সেখানে উঠতে পারবেন বিরোধীদলীয় নেতা।