Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিতে সংসদ ভবনে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান।

ঢাকা: নতুন সরকার গঠনের লক্ষ্যে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি সংসদ ভবনে পৌঁছান।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রওয়ানা হন তিনি। সংসদ ভবনে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তিন ধাপে ১০০ জন করে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে।

বিজ্ঞাপন

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের পর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। দক্ষিণ প্লাজায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ ও ভিভিআইপি জোন। দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।
আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বিকেলে বিক্ষোভের ডাক জামায়াতের
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

আরো

সম্পর্কিত খবর