ঢাকা: সংসদে শপথ নেওয়ার দিনেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পরপরই দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাহিল কোভিদ খান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই এ সিদ্ধান্ত এসেছে।
এর আগে দিনের শুরুতে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ নেন। দলীয় প্রধান তারেক রহমানসহ নির্বাচিত সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের পাশাপাশি সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় দলের বৈঠকে সরকারে বা বিরোধী দলে যে ভূমিকাই থাকুক না কেন সংসদে সক্রিয় উপস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অতীতে বিভিন্ন সময়ে এসব সুবিধা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রথম সভাতেই এ ধরনের ঘোষণা বিএনপির পক্ষ থেকে একটি নীতিগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে।