ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের পর তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী মি. লি কিয়াং।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের চীনা দূতাবাস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
চীনের দূতাবাস জানিয়েছে, তারেক রহমানকে পাঠানো বার্তায় লি কিয়াং বলেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশি। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরোনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে। একইসঙ্গে দুই দেশ সমানভাবে আচরণ করেছে, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং জয়-জয় ফলাফল অনুসরণ করেছে, দেশগুলির মধ্যে বিনিময়ের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে।
বার্তায় বাংলাদেশি সরকারকে সুষ্ঠু শাসনব্যবস্থা পরিচালনায় চীন সমর্থন করে জানিয়ে লি বলেছেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে চায়।
তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়।