ঢাকা: বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরইমধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের নেমপ্লেট বসানোর কাজ শেষ হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকারের আজ প্রথম দিন। তবে আজ প্রথমদিন সরকারী অনুষ্ঠান থাকায় দুপুরের আগে পররাষ্ট্র ও প্রতিমন্ত্রীর আসার সম্ভাবনা কম।
জানা গেছে, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।