Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলমত ও ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

ঢাকা: ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তিনি বলেছেন, পাহাড় কিংবা সমতলে বসবাসকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান- এই দেশ আমাদের সবার। দলমত ও ধর্ম যার যার হতে পারে, কিন্তু এই রাষ্ট্র প্রতিটি নাগরিকের। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে আপনার, আমার এবং আমাদের সবার অধিকার সমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জনস্বার্থের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রমজানে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি ও সেহরির সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান।’ জনজীবনের এই স্বস্তি নিশ্চিতে এরই মধ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

তবে নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।’ অফিস-আদালতে বিনা প্রয়োজনে বা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহারের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাকেও তিনি ইবাদতের অংশ বলে মনে করেন।

রাষ্ট্রীয় অন্তর্ভুক্তিমূলক নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী এক অভূতপূর্ব রাজনৈতিক সহনশীলতার পরিচয় দেন। দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা যারা দেননি অথবা যারা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।’

তিনি বিশ্বাস করেন যে, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার প্রতিটি নাগরিক সমান মর্যাদা পায়। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা এবং একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তোলাই বর্তমান বিএনপি সরকারের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ ও নিরাপত্তা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন এবং দেশের সকল ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন।’

পবিত্র রমজান মাস শুরুর এই শুভলগ্নে দেশবাসীর প্রতি ভালোবাসা ও সমৃদ্ধ আগামীর প্রত্যাশা নিয়ে তিনি তার ভাষণের সমাপ্তি টানেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর