Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি নিয়ন্ত্রণ করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করাই হবে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শাসন আমলের দুর্নীতি ও দুঃশাসনে বিপর্যস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই বর্তমান সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার যেকোনো মূল্যে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।‘

প্রধানমন্ত্রী তার ভাষণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ হিসেবে সারাদেশে জুয়া এবং মাদকের ভয়াবহ বিস্তারকে চিহ্নিত করেন। তিনি জানান, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনজীবনে শান্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এখন থেকে কেবল বিধিবদ্ধ নীতি-নিয়ম অনুযায়ী চলবে। কোনো দলীয় প্রভাব, রাজনৈতিক প্রতিপত্তি বা জোর-জবরদস্তি নয়-আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

দেশের বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সম্ভাবনারও কমতি নেই। এই বিশাল জনসংখ্যাকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তবে বিশ্ববাজার আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।

তিনি যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে পারে।

দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরার স্মৃতি চারণ করে প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর আমি বলেছিলাম, দেশ এবং জনগণের জন্য ‘আই হ্যাভ এ প্ল্যান’ বা আমার একটি পরিকল্পনা আছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সেই পরিকল্পনার অনেক অংশই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষক শহিদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, এখন এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ, অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও দেশবাসীর অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি। একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ও জনগণ একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর