ঢাকা: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।
পিএসসি জানায়, আগামী ৯ এপ্রিল থেকে একযোগে দেশের বিভাগীয় শহরগুলোতে লিখিত পরীক্ষা শুরু হবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে। এরই মধ্যে পরীক্ষার সুষ্ঠু আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে কমিশন। বিস্তারিত সময়সূচি, কেন্দ্রের তালিকা ও নির্দেশনাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা-সহ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী।
৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য পদগুলো হলো- স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন (সর্বোচ্চ), প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন। এ ছাড়া, অন্যান্য ক্যাডার পদগুলোতেও মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হবে।
পিএসসি সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে কমিশন বদ্ধপরিকর। চলতি বছরের মধ্যেই ৫০তম বিসিএসের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম একবছরে একটি বিসিএস শেষ করার ‘রোডম্যাপ’ তুলে ধরে বলেন, ‘প্রতিবছর ১ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
পরীক্ষার সময় সূচি