ঢাকা: সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের রুলস হলো মানুষের সেবা করা। রুলস অব বিজনেস যদি এই নিয়মের মধ্যে থেকে আটকে থাকে, তাহলে পরিবর্তন করে এগোতে হবে।
তিনি জানান, স্বল্প সময়ের মধ্যেই অনিয়ম দূর করে সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে সরকার কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
জাহিদ হোসেন বলেন, নির্বাচনি ইশতেহারে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে এ মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। চলমান প্রকল্পগুলোর কোনোটি বন্ধ হবে না। আমাদের অন-গোয়িং প্রকল্পগুলো চলতে থাকবে।”
নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে এবং জনগণের জীবনমান উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি আনা হবে।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্প যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে জনগণের উপকারে আসে, সেভাবেই বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের সময় কম, কাজ অনেক। সীমিত বাজেটের মধ্যেই ওয়েল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হবে।’
সম্পদের অপচয় রোধ, উপযুক্ত ব্যবহার নিশ্চিত এবং মানুষের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, একসঙ্গে অনেক কাজ না নিয়ে নির্দিষ্ট দশটি কাজ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে সেটিই হবে মন্ত্রণালয়ের প্রকৃত সাফল্য।
সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।