Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা: বাংলাদেশ রেলওয়েকে লোকসানী প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায় না সরকার। একে ঢেলে সাজাতে হবে এবং লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজাধানীর আব্দুল গণি রোডে অবস্থিত রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি রেলকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। টিকিট কালোবাজারী প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে তিনি মতবিনিময় সভায় জানান।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কিভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করতে বলেন এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন বলে জানান।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান এমপি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর