বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতের এয়ারলাইন ‘স্পাইসজেট’কে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ। ফলে এয়ারলাইনটি বাধ্য হয়ে তাদের পূর্বমুখী ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার২৪’র তথ্য অনুযায়ী, কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন আর বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। বিকল্প পথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এই এয়ারক্রাফটগুলোকে। আকাশপথ দীর্ঘ হওয়ায় স্বাভাবিকভাবেই জ্বালানি খরচ এবং সময়; উভয়ই বৃদ্ধি পাচ্ছে।
স্পাইসজেট আগে থেকেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে এয়ারলাইনটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি নিট লোকসান গুনেছে। এমন পরিস্থিতিতে আকাশসীমা ব্যবহারের এই নিষেধাজ্ঞা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তবে স্পাইসজেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
এয়ারলাইনটির একজন মুখপাত্র বলেন, ‘নেভিগেশন চার্জসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এটি একটি রুটিন প্রক্রিয়া এবং আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি। আমাদের নিয়মিত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’