ঢাকা: প্রথম রমজান উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমজানজুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পুরো রমজান মাসব্যাপী চলবে।
তিনি বলেন, জনগণের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয় এবং যে কেউ চাইলে গণইফতার কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন।
রমজানের প্রথম দিনেই এমন আয়োজনকে দলীয় সংহতি ও জনসম্পৃক্ততার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।