Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজান মাসের আবহাওয়ায় থাকবে রোদ-বৃষ্টির পালাবদল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: আকাশে কখনো মেঘের ছায়া, কখনো কড়া রোদ, আবার হঠাৎ ছিটেফোঁটা বৃষ্টি। এবারের রমজানে প্রকৃতি যেন একসঙ্গে নানা রং মেখে হাজির হচ্ছে। ইবাদতের এই মাসজুড়ে আবহাওয়ার চরিত্রে ধাপে ধাপে পরিবর্তনের আভাস দিচ্ছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের পূর্বাভাস বলছে, মাসজুড়ে বৃষ্টি ও তাপপ্রবাহ; দুই ধরনের আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, রমজানের প্রথম দিন দেশের আবহাওয়া ছিল আরামদায়ক। কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সহনীয় ছিল এবং রাতের আবহাওয়া ছিল হালকা ঠান্ডা ও স্বস্তিদায়ক। তবে মাসের বাকি সময়জুড়ে আবহাওয়ার এই চিত্র অপরিবর্তিত থাকবে না; ধীরে ধীরে উষ্ণতা বাড়ার ইঙ্গিত মিলছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, রোজার প্রথম ১০ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি সহনীয় থাকতে পারে। আকাশ আংশিক থেকে মাঝেমধ্যে মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় প্রতিদিন রোদের দেখা মিলবে। ২ থেকে ৪ রমজান, অর্থাৎ ২০ থেকে ২২ ফেব্রুয়ারি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য স্থানে দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না এলেও কোথাও কোথাও সাময়িক স্বস্তি মিলতে পারে।

এ ছাড়া ৫ ও ৬ রমজান, অর্থাৎ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রমজানের মধ্যবর্তী সময়, অর্থাৎ ১ থেকে ১০ মার্চ পর্যন্ত আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়তে পারে। অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এ সময় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং রাতের তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। ফলে রাত কিছুটা স্বস্তিদায়ক থাকলেও দিনের বেলায় গরমের অনুভূতি বাড়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে এ পর্বের শেষ দিকে।

রমজানের শেষ ১০ দিন, অর্থাৎ ১১ থেকে ২০ মার্চ, শুরু হতে পারে আরও উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দিয়ে। বেশিরভাগ এলাকায় তীব্র রোদের প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৃদু তাপপ্রবাহের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে সংস্থাটি। এ সময় রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে শেষদিকে আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা হতে পারে এবং বৃষ্টি বা বৃষ্টিবলয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়া স্বভাবতই পরিবর্তনশীল। ফলে দীর্ঘমেয়াদি পূর্বাভাস আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে। রমজানে রোজাদারদের জন্য তাই আবহাওয়ার হালনাগাদ তথ্য জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর