ঢাকা: আগামী ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংসদীয় রীতি অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
অধিবেশনের প্রথম বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে এবারের অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরু হলেও দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন।
এই বিশেষ পরিস্থিতিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। উদ্ভূত পরিস্থিতিতে সংসদের প্রথম বৈঠকের সভাপতি কে হবেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন।