ঢাকা: দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) নতুন ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন সময়সীমা অনুযায়ী ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। (পূর্বে যা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল)। যে সকল প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় ভুল তথ্য প্রদান করেছেন, তারা এই বর্ধিত সময়ের মধ্যে তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।
ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এনটিআরসিএ-র অফিসিয়াল ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্স মেন্যুতে পাওয়া যাবে।
এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং সরকারি পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা পাঠানোর (ই-রিকুইজিশন) জন্য ই-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, “ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের শূন্যপদের চাহিদা এনটিআরসিএ-তে পাঠানোর সুযোগ পাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।