ঢাকা: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের (১৬১২২) কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিনু বলেন, কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সেবা খাতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিল। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করব।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে অল্টারনেটিভ ডিসপুট রিসল্যুসন বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধান করতে হবে। একইসঙ্গে আপত্তি ও আপীল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিক করণে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।