Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বিজ্ঞাপন

কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংস্কৃতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই করা; বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ ও প্রয়োজনে পরিবর্তনের সুপারিশ করা; এবং নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পরীক্ষা করে মতামত দেওয়া।

প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে এবং সাচিবিক সহায়তা প্রদান করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর