Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিচ্ছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

ঢাকা: শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং সংগীত দল ব্যান্ড ওয়ারফেজকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ বছর সংগীত দল হিসেবে একুশে পদক প্রদান করা হয় ব্যান্ড ওয়ারফেজকে।

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।

রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে প্রবর্তিত। সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করে। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এককালীন নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী এবং সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দেওয়া হচ্ছে। তবে এ বছর সাহিত্য বিভাগে একুশে পদকের জন্য কারও নাম ঘোষণা করেনি সরকার। গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬- এর জন্য মনোনয়ন আহ্বান করা হয় এবং ৩০ অক্টোবর ছিল মনোনয়ন জমার শেষ দিন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা মোদির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর