Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তেল নেই’ অজুহাতে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৩৪ হাজার লিটার জ্বালানি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২৩:০৯

গাজীপুরের মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করে বিজিবি। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ‘তেল নেই’ অজুহাতে বন্ধ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল ও ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম এ তথ্য জানান। এদিন বাইমাইল এলাকার মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযানটি পরিচালনা করা হয়।

গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, ‘বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকার পরও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রয় বন্ধ রাখা হয়েছিল, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

লে. কর্নেল মাসুদ আল ফেরদৌস বলেন, ‘বিজিবি সর্বদা দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।’

এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর