ঢাকা: রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে বিশেষ তৎপরতা শুরু করেছে সরকার। যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প খুঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই আলোচনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা শহরে স্কুল শুরুর এবং ছুটির সময়ে ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে যে স্থবিরতা তৈরি হয়, তা নিয়ে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে থাকে, যার ফলে পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়।
এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কেবল উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হননি, বরং মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির দায়িত্ব দিয়েছেন। ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নত স্কুল বাস সার্ভিস চালু করা বা অন্য কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে কীভাবে রাস্তার ওপর চাপ কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
এদিন শিক্ষা প্রশাসনের পাশাপাশি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
রাজধানীর রাজপথকে যানজটমুক্ত করতে প্রধানমন্ত্রীর এই সরাসরি নির্দেশনা নগরবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত কী ধরনের কার্যকর নীতিমালা বাস্তবায়ন করে এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করে।