Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:০৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:৫৬

ঢাকা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় এক নতুন মোড় এসেছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এবার সংগীত শিক্ষক নিয়োগের একটি বিশেষ প্রস্তাব দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত বিষয়ের জন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

সংস্কৃতিমন্ত্রী জানান, তাদের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষকদের নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া এবং বাছাইয়ের দায়িত্ব পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়, যাতে যোগ্য ও দক্ষ শিল্পীরাই শিক্ষক হিসেবে যুক্ত হতে পারেন। তবে এই শিক্ষকদের বেতন-ভাতা ও যাবতীয় প্রশাসনিক ব্যয়ের দায়িত্ব বহন করবে শিক্ষা মন্ত্রণালয়। মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক শিক্ষার ভিত্তি মজবুত করতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি গত বছর থেকেই বেশ আলোচিত হচ্ছে। গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’র একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়েও শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে পরবর্তীতে দেশের বিভিন্ন মহলের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর মাসে প্রকাশিত অন্য একটি গেজেটে এই দুই বিষয়ের নিয়োগের সুযোগটি বাদ দেয় অন্তর্বর্তী সরকার। সেই বাতিলের পর থেকেই সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায় থেকে সংগীত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দাবি উঠে আসছিল।

এখন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাবের অনুমোদন মিললেই নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হতে পারে।

সারাবাংলা/এফএন/এইচআই