ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে মুগ্ধের বাবার চিকিৎসার সার্বিক তদারকি করেন।
সোমবার (৩০ মার্চ) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এক অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মীর মোস্তাফিজুর রহমানের কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসার প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহযোগিতার নিশ্চয়তা দেন।
প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদ মুগ্ধের বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। অসুস্থ মীর মোস্তাফিজুর রহমানও এই সংকটাপন্ন সময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে দোয়া করেন। এর আগে মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।