Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক ‘অপ্রয়োজনীয়’: সংস্কৃতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:৫০ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:০৭

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঢাকা: পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘মঙ্গল’ নাকি ‘আনন্দ’ হবে; এ নিয়ে চলমান বিতর্ককে পুরোপুরি অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের বিতর্ক জাতিকে বিভক্ত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। এই বিশ্বজনীন সাংস্কৃতিক ঐতিহ্যের মূল শক্তি কোনো নির্দিষ্ট নাম নয়, বরং এর অন্তর্নিহিত চেতনা, মানুষের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বহিঃপ্রকাশ।

সংস্কৃতিমন্ত্রী স্পষ্ট করে জানান, দীর্ঘ সময় ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে এই আয়োজন হয়ে আসছে এবং এতে সরকারের কোনো আপত্তি নেই। একইভাবে ‘আনন্দ শোভাযাত্রা’ নাম নিয়েও আলাদা কোনো বিরোধ থাকার অবকাশ নেই।

বিজ্ঞাপন

গত বছর এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে নামের পার্থক্য থাকলেও আয়োজনের ধরন বা সাংস্কৃতিক উপস্থাপনায় কোনো ভিন্নতা ছিল না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই বাংলাদেশের অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে, তাই এই ঐতিহ্যকে সমন্বিতভাবে রক্ষা করা জরুরি।

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী জানান, উৎসবের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সঙ্গে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। সরকার দেশের প্রগতিশীল ও জীবনমুখী সংস্কৃতি বিকাশে বদ্ধপরিকর। বিশেষ করে বাউল গান, লোকসংগীত, যাত্রা ও নাটকের মতো লোকজ ঐতিহ্যগুলোকে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে একটি আনন্দমুখর পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।