ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর ও পরবর্তী ৫ বছরের জন্য মন্ত্রণালয়ের ভিত্তিতে এই রোডম্যাপ ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী জানান, ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এরই মধ্যে কৃষিঋণ মওকুফসহ প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় নানামুখী পদক্ষেপের দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে নিরাপত্তা দিতে ১৩টি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়েছে। এ ছাড়া, কৃষকদের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ প্রদানের পাইলট কার্যক্রম আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ২২ হাজার কৃষক এই প্রকল্পের আওতায় আসছেন।
তিনি আরও জানান, নির্বাচনি অঙ্গীকার রক্ষায় সরকার এরই মধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ সময় ধর্মীয় নেতাদের সামাজিক সুরক্ষায় ৩ হাজার ২৯৫ জন ইমাম, ২ হাজার ৯৭৫ জন মুয়াজ্জিন এবং খাদেম, পুরোহিত ও সেবাইতসহ মোট ৯ হাজার ১০২ জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ঈদুল ফিতরের আগেই সম্মানী পাঠানো হয়েছে।
অবকাঠামো ও পরিবেশগত উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, ‘বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে গত ১৬ মার্চ থেকে কাজ শুরু হয়েছে, যার মধ্যে জুন ২০২৬-এর মধ্যে ১২০৪ কিলোমিটার এবং কাবিখা-কাবিটার মাধ্যমে আরও ১৫০০ কিলোমিটার খনন সম্পন্ন হবে। এ ছাড়া, ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রায় চলতি বর্ষায় ১ কোটি ৫০ লাখ চারা রোপণ করা হবে। শিক্ষা ও প্রযুক্তির বিকাশে খুলনায় ২৫ লাখ ই-হেলথ কার্ড প্রদান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে স্কুল ড্রেস প্রদান এবং ৯ হাজার কারিগরি শিক্ষককে ট্যাব প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ৪১৮টি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই এবং জাপানি ও ইতালিয়ান ভাষা শিক্ষার কার্যক্রমও ত্বরান্বিত করা হচ্ছে।’
তিনি উল্লেখ করেন, ‘‘বৈদেশিক কর্মসংস্থান ও আইসিটি খাতে উন্নয়নের লক্ষে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণ তিন লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং বাংলাদেশে পেপ্যাল (PayPal) কার্যক্রম চালু করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি প্রথম ধাপে ১২৯ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হয়েছে।’’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, এই পর্যায়ক্রমিক পরিকল্পনার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে সরকারি সেবার সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে।