ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কার অবকাশ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আমি এই দুই আসনের ভোট নিয়ে নেতিবাচক বা আশঙ্কার কোনো পরিস্থিতি দেখছি না।’
শেরপুর-৩ আসনের নির্বাচন
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় প্রার্থীর ইশতেহার প্রচারকে কেন্দ্র করে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু এবং পরবর্তী সময়ে দলটির প্রার্থীর প্রয়াণে ওই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল এখানে ভোট হবে। শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- জামায়াতের মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনে জয়লাভ করেছিলেন। তবে আইনি বাধ্যবাধকতায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয় এবং উপ-নির্বাচনের তফসিল দেওয়া হয়। এই আসনের প্রার্থীরা হলেন- জামায়াতের মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।