চট্টগ্রাম: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে আরও একটি অয়েল ট্যাংকার জাহাজ বাংলাদেশে পৌঁছেছে ।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
এর আগে, শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
বিষয়টি নিশ্চিত করে প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘শান গ্যাং ফা জিয়ান’-এ ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি রাতেই বহির্নোঙরে এসেছে। আজ শনিবার (৪ এপ্রিল) জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ইয়ান জিং হে নামের জাহাজটি শুক্রবার ভোরে বহির্নোঙরে আসে। জাহাজটি ডলফিন জেটি-৬-এ খালাসরত রয়েছে। এ ছাড়াও, শান গ্যাং ফা জিয়ান নামের অন্য জাহাজটি শনিবার বার্থিং করতে পারে।
দেশের চলমান সংকট নিরসনে জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।