Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৭:২৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৯:২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট যাবতীয় দাফতরিক তথ্য প্রচার ও গণমাধ্যমে পাঠানোর জন্য মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।

রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী মাহদী আমিন ও আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ হয়ে প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে তথ্য প্রদানের ক্ষেত্রে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মাহদী আমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলটির মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ওই নির্বাচনের সময় তিনি গুলশানে দলের নির্বাচনি কার্যালয় থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে দলের অবস্থান জাতির সামনে তুলে ধরতেন।

মাহদী আমিনের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়েছে, তিনি শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়ন এবং ‘৩১ দফা’র ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে দেশে বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও নীতি প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের আগে বহুমুখী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালার সঙ্গে যুক্ত মাহদী আমিন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর নিবিড় সহচর হিসেবে কাজ করছেন।

অন্যদিকে, নবনিযুক্ত আরেক মুখপাত্র ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে যুক্ত রয়েছেন। তিনি তার কর্মজীবনে দেশের স্বনামধন্য বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।

পেশাগত নেতৃত্বের ক্ষেত্রেও তার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছালেহ শিবলীর অভিজ্ঞতার তথ্য তুলে ধরে প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন ছালেহ শিবলী তার প্রেস সচিব হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিগত চারদলীয় জোট সরকারের সময়ে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। মাহদী আমিনের মতো ছালেহ শিবলীও কয়েক দশক ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে আসছেন।

এখন থেকে এই দুই অভিজ্ঞ কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রবাহ নিশ্চিত করতে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর