ঢাকা: সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ৫ টা বেজে ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সংসদের শব্দযন্ত্র বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।
স্পিকার বলেন, মাগরিবের নামাজের বিরতির আগে ২০ মিনিট সময় রয়েছে। এই ২০ মিনিট মাইক ঠিক করার জন্য এবং নামাজের জন্য ২০ মিনিট মোট ৪০ মিনিটের জন্য সংসদের অধিবেশনে বিরতি দেওয়া হলো।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরে গত ২৮ মার্চ সংসদ কমিটির বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে হওয়া সাউন্ড সিস্টেমে (শব্দযন্ত্রে) বিভ্রাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। ওই ঘটনা নাশকতা ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।