ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
এ সময় তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের আসনভিত্তিক ফলাফল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬ টি, জামায়াত জোট ১৩ টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১ টি আসন পাচ্ছে।
এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠায় ইসি। চিঠিতে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। এরইমধ্যে দলগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে।
চিঠিতে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৫:০৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৬:২৮
৬ এপ্রিল ২০২৬ ১৫:০৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৬:২৮
সারাবাংলা/এনএল/ এএ