Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচনেও থাকছে না ইভিএম: ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৯:২৮

ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

‎এ সময় ইভিএম বর্জনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসি সচিব বলেন, ‘যে প্রযুক্তির ওপর জনগণের অনাস্থা তৈরি হয়েছে, তা নিয়ে নতুন করে চর্চা করার প্রয়োজন নেই। বর্তমানে ইভিএম প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিট ডিপার্টমেন্ট এবং একটি বিশেষ তদন্ত কমিশন পৃথকভাবে পর্যালোচনা করছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

‎ইভিএমকে ‘মরা হাতি’ হিসেবে অভিহিত করে অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে এই মেশিনগুলো সংরক্ষণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। তবে এগুলো পুরোপুরি কবে নাগাদ বাদ দেওয়া হবে বা ভবিষ্যৎ কী, সে বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন এখন দেওয়া সম্ভব নয়।

‎উল্লেখ্য, বর্তমান কমিশন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব সরকার নাকচ করে দেওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়ে।

‎এদিকে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সচিব।

‎শেরপুর-৩: প্রার্থী মারা যাওয়ায় এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রের সংখ্যা ১২৯টি।

‎বগুড়া-৬: বিএনপি চেয়ারপারসনের ছেড়ে দেওয়া এই আসনে উপ-নির্বাচন হবে। এখানে ভোটকেন্দ্র ১৫১টি।

‎সচিব জানান, জাতীয় নির্বাচনের মতোই এই দুটি আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করা হলেও আদালত ও আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে।

‎নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় পার হলেও অনেক প্রার্থী অসুস্থতা ও সীমাবদ্ধতার কারণে সময় বাড়ানোর আবেদন করেছেন। সচিব জানান, কমিশন প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আজ থেকে আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

‎পর্যবেক্ষক প্রতিবেদন বিষয়ে, ৮০টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা থেকে প্রাপ্ত প্রতিবেদন নিয়ে শিগগিরই সেমিনার করবে ইসি।

‎আর ভোটর দিবস নিয়ে তিনি বলেন, রমজানের কারণে গত ২ মার্চ ভোটার দিবস পালন করা সম্ভব হয়নি। নতুন তারিখ ও পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে।

‎এদিকে, নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে বলেও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর