ঢাকা: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি পিছিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পুনর্নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, পুনর্নির্ধারিত এই অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। পূর্বের ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র প্রদর্শন করেই আমন্ত্রিত অতিথিরা ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’র জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ মনোনীত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই সম্মাননা পাচ্ছে। সাহিত্য ও সংস্কৃতিতে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন। সমাজসেবা ও জনসেবা বিভাগে ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র পুরস্কার পাচ্ছে।
গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং ক্রীড়ায় জোবেরা রহমান লিনু মনোনীত হয়েছেন। এ ছাড়া পল্লী উন্নয়নে পিকেএসএফ এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদারকে এই রাষ্ট্রীয় সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।