Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা নববর্ষে মুখোশ পরায় নিষেধাজ্ঞা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২১:৫৫

ঢাকা: আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সরকার। এবারের উৎসবে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে মুখোশ ব্যবহারের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষের কোনো অনুষ্ঠানেই অংশগ্রহণকারীরা মুখে মুখোশ পরতে পারবেন না। তবে শিল্পকর্ম হিসেবে প্রদর্শনের জন্য মুখোশ হাতে বহন করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে উৎসবমুখর পরিবেশে জনসমাগমস্থলে ব্যক্তির পরিচয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে উৎসবের সকল আনুষ্ঠানিকতা সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেল ৫টার পর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ উৎসবস্থলগুলোতে নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না।

বিজ্ঞাপন

নিরাপত্তা নিশ্চিত করতে চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার ওপর বিশেষ নজরদারি থাকবে। শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কেউ এতে ঢুকে পড়তে পারবেন না। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। উৎসব এলাকায় ইভ-টিজিং, ছিনতাই ও পকেটমার ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

পহেলা বৈশাখের দিন নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর স্টিকারবিহীন যানবাহনের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানো এবং বিরক্তিকর ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উৎসবে আসা সাধারণ মানুষকে সাথে ব্যাগ বা লাইটার বহন না করতে এবং শিশুদের নিরাপত্তার জন্য তাদের পরিচয়সংবলিত চিরকুট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন বলে জানানো হয়েছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর