ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পর প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন সম্ভাব্য প্রার্থী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এই তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রথম দিন থেকেই প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কেউ সরাসরি নিজে এসে, আবার কেউ প্রস্তাবক বা সমর্থক নিয়ে মনোনয়নপত্র নিচ্ছেন। ব্যক্তিগতভাবে আগ্রহী প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাও এদিন ইসি থেকে ফরম সংগ্রহ করেছেন।
মো. মঈন উদ্দীন খান আরও জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই ৪৯ জন মনোনয়নত্র সংগ্রহ করেছে। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
তিনি বলেন, অনেক প্রার্থী নিজে থেকে আগ্রহী হয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। আবার অনেক প্রার্থী এসেছেন দলের পক্ষে থেকে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।
সংরক্ষিত নারী আসন
প্রথম দিনে ৪৯টি মনোনয়নপত্র বিক্রি
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২২:০৩
৯ এপ্রিল ২০২৬ ২২:০৩
সারাবাংলা/এনএল/এইচআই