ঢাকা: বিগত দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর বিষয়ে বড়ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ।
রোববার (১২ এপ্রিল) দুপুর ২টায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সফরের বিস্তারিত ফলাফল তুলে ধরতে গিয়ে তিনি এ কথ্য জানান।
মাহাদী আমিন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও আরিফুল আলম চৌধুরীসহ তারা মালয়েশিয়াতে একটি সফল সফর সম্পন্ন করেছেন। সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, বন্ধ থাকা শ্রমবাজার কীভাবে উন্মুক্ত করা যায় তা নিয়ে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন। বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হলে তিনি যত দ্রুত সম্ভব কর্মীদের জন্য বাজারটি খুলে দেওয়ার প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছেন।’
মাহদী আমিন জানান, বিদেশে যাওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা এবং বিশেষ করে মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে। মালয়েশিয়া সরকার বর্তমানে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ করবে।
মাহাদী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো একটি দ্বিপাক্ষিক যৌথ বিবৃতি প্রকাশ হয়েছে। এই বিবৃতিটিকে একটি বড় ‘ব্রেকথ্রু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে আনার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্মতির বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে।’
প্রধানমন্ত্রীর কার্যায়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে দেশ পরিচালনায় শুভকামনা জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশ ভ্রমণের উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেছেন।’
শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মাহদী আমিন বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের লিগ্যালাইজ বা বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া সরকার তাদের বৈশ্বিক পলিসির কথা উল্লেখ করলেও বাংলাদেশের বিশাল সংখ্যক শ্রমিকের অবদানের কথা মাথায় রেখে আমাদের অনুরোধগুলো বিশেষভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।’
স্বচ্ছ প্রক্রিয়ায় ও স্বল্প খরচে জনশক্তি রফতানি নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।