ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।
রোববার (১২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তরুণদের দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হতে সহায়তা করছে। বিশেষ করে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং কোর্সে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে যুব উন্নয়ন খাতে নানা কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন জানান, কক্সবাজারে আইএলও ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪৬টি কোর্সের মাধ্যমে সাত হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি ভবিষ্যতেও ক্যাপাসিটি বিল্ডিং, প্রশিক্ষণ কর্মসূচি এবং উদ্যোক্তা উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই যুব উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।